গাজীপুরের জয়দেবপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনসে কর্মরত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দাপ্তরিক কাজে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন এসআই হাবিব। কাজ শেষে পুলিশ লাইনসে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন তিনি। এতে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী জানান, পুলিশ কর্মকর্তা হাবিব ট্রেনে কাটা পড়ার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

