০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ০৮:৫০:৫২ পূর্বাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের একটি স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।



বৃহস্পতিবার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।



চিফ হুইফ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে। তবে অধিবেশনটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।



এর আগে বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।



বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। ফলে মেয়াদপূর্তির আগেই ইসিকে এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে।



সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ২২ অক্টোবরের আগেই নির্বাচন শেষ করতে হবে।



এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন সিইসি। জাতীয় সংসদ সচিবালয় থেকে বুধবার সংসদ সদস্যদের ভোটার তালিকাও পেয়েছে কমিশন। তপশিল ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এবার নতুন রাষ্ট্রপতির জন্য ভোটের অপেক্ষা।

শেয়ার করুন