রাজশাহীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত মোঃ সানাউল্লাহ শাওন (২০) পুঠিয়া থানার বিলমারিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ সদর কোম্পানী জানায়, ভিকটিম ও আসামী পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়। নানার বাড়িতে থাকার সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। মামলার এজাহারে বলা হয়, প্রায় ৪ মাস আগে আসামী কৌশলে কিশোরীকে পুঠিয়ার বিলমারিয়া এলাকায় নিয়ে যায় এবং বিভিন্ন সময়ে তার সঙ্গে অপরাধমূলক আচরণ করে। সর্বশেষ গত ২৫ জুন রাতেও একই স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ৭ জুলাই পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৬।
র্যাব-৫ এর একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নং আসামীকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর অধিনায়ক বলেন, নারী ও শিশুর প্রতি সংঘটিত অপরাধ দমনে র্যাব জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

