১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ০৪:১৩:৫৮ পূর্বাহ্ন
পুঠিয়ায় অবৈধ সার মজুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২৬
পুঠিয়ায় অবৈধ সার মজুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া বাজারে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।


অভিযানকালে কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অনুমোদন ছাড়াই সার মজুত করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।


পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বন্ধে এ অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কৃষকদের হয়রানি ও সার নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন