রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৭ আগস্ট সোমবার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৮(২) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০,০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, কৃষকের স্বার্থ রক্ষা ও সারের কৃত্রিম সংকট রোধে দুর্গাপুর উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

