মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ১৮ আগস্ট রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-ডিআইজি মো. আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সমন্বয় করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে ডিআইজি ও তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক, রাজশাহী রেঞ্জ এবং পুলিশ সুপার ও তাঁর সহধর্মিণী মিসেস তাপসী রাবেয়া, সভানেত্রী, পুনাক, রাজশাহী জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

