০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ১২:৩০:৫২ পূর্বাহ্ন
রাজশাহীতে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস প্রতিরোধে জনগণকে পাশে থাকার আহ্বান
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৬
রাজশাহীতে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস প্রতিরোধে জনগণকে পাশে থাকার আহ্বান

'মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে' রাজশাহীর তানোর থানা কম্পাউন্ডে বর্ণাঢ্য কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ আগস্ট তানোর থানা পুলিশের আয়োজনে স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।


প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, "সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক এবং তথ্যের আদান-প্রদান কার্যকর ভূমিকা পালন করে।


" তিনি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান। সভায় বক্তারা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং যেকোনো ধরনের উগ্রবাদ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, তানোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ভূমিকা প্রশংসনীয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা একটি অপরাধমুক্ত ও নিরাপদ তানোর গড়ে তুলতে চাই। এজন্য তানোরবাসীকে পুলিশের পাশে থেকে সত্যিকারের অংশীদার হতে হবে। 


তিনি আরও বলেন, রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করা হচ্ছে। যারা মাঠ পর্যায়ে থেকে তথ্য দিয়ে ও সচেতনতা তৈরিতে সহযোগিতা করছেন, জেলা পুলিশ তাদের কাজকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তানোর উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন