আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাত ৮টার পরে নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করায় পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সারজিস আলমসহ জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন, পুলিশ প্রশাসন ও বিজিবি উপস্থিত ছিল।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে সারজিস আলমের পথসভায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এসময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। কথা বলছিলেন প্রার্থী সারজিস আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুরকে এই জরিমানা করা হয়।

