২৯ জুন ২০২৬, সোমবার, ০২:৪২:২২ অপরাহ্ন
রাজশাহীতে অনুমোদনহীন কেক ও চোরাই চকোলেট বিক্রিতে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৬
রাজশাহীতে অনুমোদনহীন কেক ও চোরাই চকোলেট বিক্রিতে জরিমানা

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদনহীন জন্মদিনের কেক এবং অবৈধভাবে আমদানি করা বিদেশী চকোলেট বিক্রি করার অপরাধে একটি পেস্ট্রি শপকে জরিমানা করা হয়েছে।


 ২৮ জুন রবিবার  বিকেল ৪:০০ ঘটিকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর অলোকার মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই’র বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করার অপরাধে অলোকার মোড়ের ‘মিঃ ব্রাইট কেক এন্ড পেস্ট্রি শপ’ নামের প্রতিষ্ঠানটিকে আটক করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে বিএসটিআই’র কোনো ছাড়পত্র ও বৈধ আমদানি কাগজপত্র ছাড়াই চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করতে দেখা যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা করা হয়।


রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস (সিএম) উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন।


বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরণের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


শেয়ার করুন