২২ অগাস্ট ২০২৬, শনিবার, ০৪:১৭:৪৮ অপরাহ্ন
নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৬
নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন নজরুল-গবেষক আবদুল হাই শিকদার ও নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী।


সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।


বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পদকের জন্য আবদুল হাই শিকদার ও শবনম মুশতারীর নাম চূড়ান্ত করা হয়।


বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর নজরুলচর্চার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের ‘নজরুল পদক’ দিয়ে সম্মানিত করে থাকে। সাধারণত নজরুলসংগীত ও নজরুল গবেষণ- এই দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।


এবার গবেষণা বিভাগে পদকের জন্য নির্বাচিত হয়েছেন নজরুল-গবেষক আবদুল হাই শিকদার। নজরুল গবেষণার পাশাপাশি তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


অন্যদিকে সংগীত বিভাগে পদক পাচ্ছেন দেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী। দীর্ঘদিন ধরে নজরুল-সংগীত চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নজরুলচর্চার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানোর ধারাবাহিকতায় এ বছরও দুই গুণীজনকে ‘নজরুল পদক-২০২৬’-এর জন্য নির্বাচিত করা হয়েছে।


শেয়ার করুন