দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে শিগগিরই পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যে সংশয়টি জনগণের মধ্যে তৈরি হয়েছে, আমরা সেটিকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়া স্বাভাবিক। তবে আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে।’
তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সরবরাহ করেছি। ক্রেতারাও স্বীকার করেছেন, তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করা প্রয়োজন। জনগণের দুর্ভোগ কমাতে সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে।’
জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমন্বয় করে এগোতে হবে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো দাম না বাড়াতে। তবে একান্তই সম্ভব না হলে তখন জনগণের সঙ্গে বিষয়টি শেয়ার করা হবে। একই সঙ্গে আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি।’

