কক্সবাজারের অভিজাত হোটেল ‘সী প্যালেস’-এর বলরুমে গতকাল ২৬ জুন ২০২৬, শুক্রবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ২০২৫-২০২৬ রোটারি বর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা দেশ থেকে আগত প্রায় দুই হাজার রোটারিয়ানের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত ছিল এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চীফ কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক এ. জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডি-৬৪ এডমিন মাহমুদুল হাসানসহ রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
এই জমকালো অনুষ্ঠানে মানবতার সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী মোট পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে এক অনন্য গৌরব ছিনিয়ে এনেছে। ক্লাবের এই সাফল্যের মূল আকর্ষণ ছিল সর্বোচ্চ সম্মানসূচক ‘প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড’। উল্লেখ্য, রাজশাহীর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো রোটারি ক্লাব এই মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করলো।
একই সাথে ক্লাবের সফল নেতৃত্ব ও দূরদর্শী কর্মকাণ্ডের জন্য ‘গোল্ডেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ক্লাব প্রেসিডেন্ট আনিসুর রহমান নোবেল। জমকালো এই মঞ্চে ক্লাব প্রেসিডেন্টের সাথে যৌথভাবে ক্লাবের পক্ষে এসব মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন ক্লাব সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও ইনকামিং সেক্রেটারি খন্দকার ইমাম আল আমিন সম্রাট।
বিশ্বজুড়ে পোলিও নির্মূলসহ চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় রোটারি ইন্টারন্যাশনাল একটি অত্যন্ত সুপরিচিত ও সমাদৃত নাম। এই আন্তর্জাতিক সংগঠনটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রোটারিয়ানরাও প্রতিবছর সমাজ বিনির্মাণে তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

