পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার পরবর্তী ধাপ প্রথম ধাপের চেয়ে আরও কঠিন হতে পারে বলে চীন জানিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ফোনালাপ হয়। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক সমঝোতা ইতিবাচক হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে আরও ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সহজ হবে না জানিয়ে ওয়াং ই বলেন, এ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। চীন এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
দুই নেতা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।






































