কুয়েতের উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতওয়ান এক বিবৃতিতে বলেন, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।
তবে হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি।
সৌদ আল আতওয়ান বলেন, কুয়েতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ হামলার খবর সামনে এলো।

