সম্প্রতি রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
সাকিব বলেন, ‘একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতার মাধ্যমে ধ্বংস করে, তারা মানবতার শত্রু।’
সাকিব আল হাসান বলেন, ‘ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক হওয়ার পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।

