২৮ অগাস্ট ২০২৬, শুক্রবার, ১২:৩৯:৩৫ অপরাহ্ন
ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৬
ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) ২০ শতাংশ অংশীদারত্ব ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির উদ্যোগকে কেন্দ্র করে এ অভিযোগ উঠেছে। বিষয়টি ইএসপিএনকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।


উয়েফার অভিযোগ, অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা তৈরির সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং ফিফার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনীয় পরামর্শ করা হয়নি। পাশাপাশি প্রস্তাবিত ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের মূল্য নির্ধারণে ইনফান্তিনোর ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে বলেও দাবি সংস্থাটির।


বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহের আবেদন করেছে উয়েফা। এফএফইতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া প্রতিষ্ঠানগুলোর অন্যতম ছিল জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত থ্রাইভ।


আদালতে জমা দেওয়া উয়েফার ৬০ পৃষ্ঠার নথিতে এফএফইর অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত বিভিন্ন নথি ও যোগাযোগের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ফিফার উত্তর আমেরিকার সদর দপ্তর, থ্রাইভ, জেপি মরগান এবং ব্যান ভেঞ্চারসের প্রধান নির্বাহী গ্রেগ মাফেইর কাছেও নথি চাওয়া হয়েছে।


উয়েফার আইনজীবীরা আদালতে দেওয়া নথিতে লিখেছেন, ‘ইনফান্তিনো এবং সম্ভবত ফিফার অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সুইস ফৌজদারি আইনের ১৫৮ ধারায় ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগে সুইজারল্যান্ডে মামলা করার বিষয়টি উয়েফা ও তার আইনজীবীরা বিবেচনা করছেন।’


বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন বাণিজ্যিক ইভেন্ট পরিচালনার জন্য এফএফইর ২০ শতাংশ মালিকানা ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। এ উদ্যোগে থ্রাইভ ক্যাপিটালসহ জশুয়া কুশনারের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের অংশ নেওয়ার কথা ছিল।


তবে শুরু থেকেই এ পরিকল্পনার বিরোধিতা করে আসছিল উয়েফা, এএফসি ও কনকাকাফসহ বিশ্ব ফুটবলের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা। তাদের চাপের মুখে গত ১ আগস্ট পরিকল্পনাটি বাতিল করেন ইনফান্তিনো।


এ নিয়ে ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকিও দিয়েছিল উয়েফা। পরে ফিফার বাণিজ্যিক সম্পদে ভবিষ্যতে এ ধরনের অংশীদারত্ব বিক্রির উদ্যোগ না নেওয়ার নিশ্চয়তা পাওয়ার পর চলতি সপ্তাহে সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়।


এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘আগামী মৌসুমে ইউরোপীয় দলগুলোর ফিফা আয়োজিত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখতে উয়েফা সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে এই অবস্থান পুনর্বিবেচনা করা হতে পারে।’


শেয়ার করুন