০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৯:৩০ পূর্বাহ্ন
বিএনপি নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৬
বিএনপি নেতাকে সব পদ থেকে বহিষ্কার

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।



মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সই করা ১ সেপ্টেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মেহেদী হাসান মামুনকে বিএনপির সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পৌরসভা বিএনপি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহেদী হাসান মামুনের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ার কথা আলোচনায় আসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।



তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ বিষয়ে মেহেদী হাসান মামুনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


শেয়ার করুন