ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে বিশ্বকাপ পরিকল্পনা বা জাতীয় দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ স্পষ্ট করেছেন, নেইমার এখনো সেলেসাওদের প্রাথমিক তালিকায় বিবেচনার মধ্যেই রয়েছেন।
দলে তার প্রভাব এবং ফুটবল ভক্তদের কাছে তার অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে এখনই তাড়াহুড়ো করতে চান না আনচেলত্তি। ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে, নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নেওয়ার জন্য এই তারকার হাতে এখনো দুই মাস সময় আছে।
গত মার্চে ঘোষিত স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ায় ফুটবল বিশ্বে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অনেক ভক্ত ও বিশ্লেষক নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ আনচেলত্তির কঠোর ফিটনেস নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে বর্তমানে নিজের অবস্থান কিছুটা শিথিল করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।
আনচেলত্তি বলেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনো তা অব্যাহত রেখেছে। সে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানুষ মনে করতেই পারে যে সে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করবে। বর্তমানে সিবিএফ এবং আমি তার পারফরম্যান্স মূল্যায়ন করছি।’
আনচেলত্তি জোর দিয়ে বলেন যে, তিনি শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা দেবেন। ২০২২ বিশ্বকাপের পর নেইমারের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও সাম্প্রতিক সময়ে হাঁটুর ইনজুরি কাটিয়ে সান্তসের হয়ে তার মাঠে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, ‘ইনজুরির পর নেইমার ভালোভাবে ফিরে এসেছে এবং গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে।
সে বর্তমানে সঠিক পথেই আছে।’ আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী, নেইমারকে তিনি মাঠের একটু কেন্দ্রীয় পজিশনে এবং প্রতিপক্ষের গোলের কাছাকাছি খেলাতে আগ্রহী, যেমনটা বর্তমানে তিনি তার ক্লাব সান্তসের হয়ে খেলছেন।
সাক্ষাৎকারে নেইমার ছাড়াও তরুণ তুর্কি এন্দরিকের বিষয়ে কথা বলেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া এই তরুণ ফরোয়ার্ডের পারফরম্যান্সে তিনি বেশ সন্তুষ্ট।
আনচেলত্তি জানান, লিওঁতে যাওয়ার আগে তিনি এন্দরিকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং সেখানে তার ভালো শুরুকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৩৪ বছর বয়সে এসে তাকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্বমঞ্চে লড়াই করার জন্য শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।

