২১ মার্চ ২০২৬, শনিবার, ০৫:৩৫:৩৮ পূর্বাহ্ন
রাজশাহীর দুই মিষ্টান্ন ভান্ডারের জরিমানা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
রাজশাহীর দুই মিষ্টান্ন ভান্ডারের জরিমানা

রাজশাহী মহানগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেল তিনটার দিকে সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহীর নির্দেশনায় সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।


অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম পণ্য দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া দই অতিরিক্ত মূল্যে বিক্রি করায় মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়।

সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের প্রয়োগের মাধ্যমে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে কাজ করছে আদালত।

শেয়ার করুন