বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। যেগুলো ঘণ্টায় সাড়ে ৩শ কিলোমিটার বেগে চলে। আমাদের স্পিড আরও কম হলেও চলবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোন নজির নেই। কোন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা সবাই একসঙ্গে পালিয়েছে এমন নজিরও নেই। এটিই প্রথম নজির।
তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে চিন্তা করছেন- এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।
ময়মনসিংহ ছাড়া দেশের ৭ বিভাগে বিমানবন্দর থাকার বিষয়ে বিমানমন্ত্রী বলেন, দেশে ৮টি বিমানবন্দর চলমান রয়েছে। সেগুলোর মধ্যেই কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে আমাদের অনেকগুলো এয়ারক্রাফট আসছে। ১০ বছরের মধ্যে আমাদের নতুন একটি বিমানবন্দর করতে হবে। সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। যেগুলো ঘন্টায় সাড়ে ৩শ কিলোমিটার বেগে চলে। আমাদের স্পিড আরও কম হলেও চলবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা যদি আর দু’তিন বছর থাকতো, তবে বাংলাদেশ সিকিমের মতো পরাধীন হয়ে যেতো। ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সব মন্ত্রী পরিষদকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ থেকে যদি আমরা কোন শিক্ষা না নেই তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে। ফ্যাসিস্টের সময় দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছা মতো নির্দেশনা দিয়ে কাজ করাতেন। যে কারণে আজ প্রায় ২০ বছর দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।
এসময় তিনি শেরপুরের পর্যটনের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণের ঘোষণা দেন। আগামী সপ্তাহের মধ্যে জরিপ কাজ শেষ করে চলতি বছরের মধ্যে বরাদ্দ দেয়ার ঘোষণা দেন তিনি। এছাড়াও ঝিনাইগাতী উপজেলায় আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষা পেতে মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে নানা প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান।
এসময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ। ওইসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

