১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ০৫:০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউএনও কার্যালয়ে তালাকে কেন্দ্র করে গোদাগাড়ীতে বিক্ষোভ ও মামলা
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৬
ইউএনও কার্যালয়ে তালাকে কেন্দ্র করে গোদাগাড়ীতে বিক্ষোভ ও মামলা

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। এদিকে, ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


গত সোমবার (১২ অক্টোবর) রাতে গোদাগাড়ী মডেল থানায় সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়। উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।


অন্যদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি, বিভিন্ন পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ করেন তাঁরা।


সমাবেশে বিএনপি নেতারা ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।


নেতারা প্রশাসনের কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ‘দলবদ্ধ চাপ সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি’র বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তাঁরা।


সমাবেশে বিএনপি নেতারা জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাঁদের ভাষায়, পলাতক ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর বক্তব্য পাওয়া যায়নি।


সমাবেশে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু। এ ছাড়া রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরসালান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জানা গেছে, সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন ও দলীয়করণের অভিযোগ তুলে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের অপসারণ দাবিতে কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।


আন্দোলনকারীদের অভিযোগ, সার ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়নি। অন্যদিকে, উপজেলা প্রশাসন সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে আইনগত পদক্ষেপ নিয়েছে।


সার ডিলার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের সত্যতা এবং কারা তালা দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন, তা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এ ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ ও রাজনৈতিক প্রতিক্রিয়ায় গোদাগাড়ীতে স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি হয়েছে।



শেয়ার করুন