০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪২:৩৩ পূর্বাহ্ন
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতায় দুর্ভোগ
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতায় দুর্ভোগ

রাজশাহীতে পাঁচ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে রাজশাহী আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে লঘুচাপ চলছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


মঙ্গলবার (১ সেপ্টম্বর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। একটানা এই বৃষ্টিপাত শেষ হয় বুধবার সকাল ৬টায়।


এই বৃষ্টিপাতের ফলে রাজশাহী নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এর ফলে নগরবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকা, স্যাটালাইট টাউন স্কুলের সামনের সড়ক, তেরাখাদিয়া স্টেডিয়ামের পূর্বের সড়কে, নগরীর লক্ষ্মীপুর মোড়ের আশে পাশের সড়ক ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে বৃষ্টির পানি জমে যায়।


এই বৃষ্টিপাতের পানি মধ্যে দিয়ে চলাচলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় ঝুঁকি বাড়ছে দুর্ঘটনারও। এছাড়া বর্ণালী মোড়ের সড়ক তলিয়ে গেছে। বিভিন্ন দোকান ও বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। 


কলেজ শিক্ষার্থী সুরাইয়া ইসলাম বলেন, আমাদের উপশহরের প্রায় সব সড়কে পানি জমে গেছে। কোন কোন বাড়িতেও ঢুকে গেছে পানি। ফলে ড্রেনের পানি আর বৃষ্টিপানি মিলেমিশে একাকার। ছড়াচ্ছে দূর্গন্ধও। ড্রেনগুলো ভালো করে পরিস্কার করলে জলাবদ্ধতা বৃষ্টি হতো না।


নগরীর সিঅ্যান্ডবি মোড়ে কথা হয় তাইজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সাহেব বাজার, লক্ষ্মীপুর এলাকার সড়কগুলোতে পানি জেমে গেছে। রিকশা নিয়েও চলাচলে সমস্যা হচ্ছে। কারণে মানুষ বিভিন্ন সময় প্রয়োজনে সড়কের নিচ থেকে গ্যাস বা পানির লাইন নিয়েছেন। সেই গর্তগুলো থেকে গেছে। সেগুলোতে রিকশার চাকা পড়লে ঝাকুঁনি লাগছে।


রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, সারা রাত ব্যাপক ‍বৃষ্টিপাত হয়েছে। কোন জায়গায় পানি জমে থাকলে নিষ্কাশনে আমাদের কর্মীরা কাজ করছে। চলতি মৌসুমে শহরের বড় বড় ড্রেনগুলো পরিস্কার করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী এক ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে।


অপরদিকে, রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন- চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হলো। রাজশাহীতে ৯৭ মিলিমিটার যে বৃষ্টিপাত হয়েছে সেটি অতি ভারি বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত আছে। রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


শেয়ার করুন