চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার কমে ৫৫ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন।
২০২৫ সালে দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬৬ জন। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে ২ হাজার ৩৫০ জন।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৬৫ জন।

