০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ১১:২৩:৩৬ অপরাহ্ন
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৬
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। রবিবার (৯ আগস্ট) ভোররাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেফতার আব্দুল মাবুদ (৩৮) কাশিপুর গ্রামের মো. কোয়াজ আলীর ছেলে। পলাতক মো. আলামিন ওরফে মুন্না (৩৩) একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলমের নেতৃত্বে একটি দল কাশিপুর গ্রামে আব্দুল মাবুদের বাড়ি ঘেরাও করে।

পরে রাত ২টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় আলামিন ওরফে মুন্না কৌশলে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, "এ ঘটনায় এসআই মোহাম্মদ শের আলম বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামি আলামিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে এই চক্রটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। তথ্য নিশ্চিত হওয়ার পর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালকের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ অর্থের উৎসের অনুসন্ধানেও আমরা কাজ করছি। ডিএনসি, রাজশাহী বিভাগ ইতোমধ্যে  মানিলন্ডারিং আইনে চারটি  মামলা দায়ের করে। তার  মধ্যে তিন জনের সম্পদ (বসত বাড়ী ও জমি)  ক্রোক করা হয় বিজ্ঞ আদালতের আদেশে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  মহাপরিচালক মহোদয়ের সার্বিক  দিকনির্দেশনায় দেশ জুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন