০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ১২:৪৬:২৭ অপরাহ্ন
পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
চীফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৬
পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসার পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


শনিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী শহরের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রী মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

 

মাদ্রাসা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই ছাত্রী পড়াশোনায় অনিচ্ছুক ছিল। সম্প্রতি সে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতেও চলে গিয়েছিল। শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় রেখে যান।


এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মাদ্রাসার পাঁচতলার একটি জানালার সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় সে সেখানে আটকা পড়ে। বিষয়টি জানাজানির পর মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

  

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন মিয়া বলেন, "এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আমাদের সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে বেলা দুইটার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।"


মাদ্রাসার মুহতামিম বলেন, "ছয় মাস আগে ওই ছাত্রীকে ভর্তি করা হয়। পড়াশোনার প্রতি তার অনীহা ছিল। এ কারণে আগেও কয়েকবার সে বাড়ি চলে গিয়েছিল। শনিবার পালানোর চেষ্টা করতেই কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে জানানো হয়েছে।"


ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, "পুলিশের উপস্থিতিতে ওই ছাত্রীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন