২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৩:৩২ অপরাহ্ন
লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৬
লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে।


এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর জংশন থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হওয়ার ২ মিনিটের মধ্যেই আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। ওইদিন রাত সাড়ে ১২টায় গৌরীপুর জংশনের দুর্ঘটনাস্থলে লাইনচ্যুত তিনটি বগি রেখে ১১টি বগি নিয়ে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।


স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস বুধবার রাতে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে। ১০টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় ৩টি বগি লাইনচ্যুত হয়। এসময় কয়েকজন যাত্রী আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।


ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।


গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত ৩টি বগি রেখে গতকাল রাতেই ১১টি বগি নিয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর ছেড়ে যায়। বৃহস্পতিবার তিন বগি উদ্ধার করা হয়েছে। এখন দুর্ঘটনাস্থলের লাইন মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুন