১৩ জুন ২০২৬, শনিবার, ০৭:২০:৪৭ অপরাহ্ন
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৬
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

নানা ধরনের প্রাণঘাতী ও দুরারোগ্য ব্যাধি মানুষের জীবনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। ইসলামি বিশ্বাস অনুযায়ী, সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহর ইচ্ছার অধীন। তাই রোগব্যাধি থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর সাহায্য কামনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এমন কিছু দোয়ার বর্ণনা পাওয়া যায়, যা কঠিন রোগ থেকে সুরক্ষা এবং রোগমুক্তির আশায় পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে।


কঠিন রোগ থেকে আশ্রয় চেয়ে যে দোয়া পড়বেন


কুষ্ঠ, ধবলসহ নানা ধরনের সংক্রামক ও দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা পেতে নবীজি (সা.) একটি বিশেষ দোয়া নিয়মিত পড়তে বলেছেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল জুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’


অর্থ: ‘হে আল্লাহ, আমি অবশ্যই তোমার কাছে ধবল (শ্বেতী), উন্মাদ (পাগলামি), কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (সুনানে আবু দাউদ)


দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার বিশেষ দোয়া

উসমান ইবনে হুনাইফ (রা.) থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি নবীজি (সা.)-এর কাছে এসে আরোগ্যের জন্য দোয়া চাইলেন। তখন রাসুল (সা.) তাকে উত্তমভাবে অজু করার নির্দেশ দিলেন এবং এই দোয়া পড়তে বললেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিইয়িকা মুহাম্মাদিন নাবিইয়ির রাহমাহ, ইয়া মুহাম্মাদু ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাজিহি লিতুকদ্বা লি, আল্লাহুম্মা ফাশাফফি’হু ফিইয়া।’


অর্থ: ‘হে আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোনিবেশ করি তোমার নবী, দয়ার নবী মুহাম্মদ (সা.)-এর (দোয়ার) মাধ্যমে। (হে নবী!) আমি আপনার মাধ্যমে আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হলাম, যাতে আমার এ প্রয়োজন পূর্ণ করে দেওয়া হয়। হে আল্লাহ! আমার প্রসঙ্গে তুমি তাঁর সুপারিশ কবুল করো।’ (জামে তিরমিজি: ৩৫৭৮; মুসতাদরাকে হাকিম)।


শেয়ার করুন