১৯ মে ২০২৬, মঙ্গলবার, ০১:২৪:৪১ পূর্বাহ্ন
ইউক্রেন উপকূলে চীনা জাহাজে ড্রোন হামলা চালাল রাশিয়া
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৬
ইউক্রেন উপকূলে চীনা জাহাজে ড্রোন হামলা চালাল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের ঠিক আগের দিন ইউক্রেনের ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাওয়া একটি চীনা মালিকানাধীন জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় কৃষ্ণসাগরে থাকা দুটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।


ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৮ মে) মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ এবং গিনি-বিসাউয়ের পতাকাবাহী আরেকটি জাহাজে হামলা চালানো হয়। দুটি জাহাজই ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।


ইউক্রেনীয় নৌবাহিনী জানিয়েছে, হামলার শিকার হওয়া জাহাজগুলোর একটি ছিল চীনা মালিকানাধীন কার্গো জাহাজ কেএসএল দেইয়াং। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটিতে চীনা নাগরিকরা কর্মরত ছিলেন।



নৌবাহিনীর প্রকাশিত ছবিতে জাহাজটির এক পাশ আংশিক পুড়ে যেতে দেখা গেছে।



২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই ওডেসা বন্দরের আশপাশে নিয়মিত হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য এই সমুদ্রবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এদিকে দুই দিনের সফরে চীন যাওয়ার কথা রয়েছে পুতিনের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ড্রোন হামলায় ওডেসা আক্রান্ত হয়েছে এবং একটি ড্রোন চীনের মালিকানাধীন জাহাজে আঘাত হেনেছে। রাশিয়া অবশ্যই জানত, সমুদ্রে থাকা জাহাজটি কার।


ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, জাহাজটির কোনো ক্রু আহত হননি। হামলার সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি ওডেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লোহার আকরিক তুলতে যাচ্ছিল।


তিনি বলেন, রাতে শাহেদ ড্রোনের আঘাতের পর ক্রুরাই পরিস্থিতি সামাল দেন। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি এবং জাহাজটি গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখে।


জেলেনস্কি আরও দাবি করেন, রাতে ইউক্রেনজুড়ে ৫২৪টি ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল।


চীন বরাবরই ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়ে আসছে। তবে ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও মস্কোর সরাসরি নিন্দা করেনি বেইজিং। নিজেদের নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করে আসছে দেশটি।


সূত্র : আল জাজিরা


শেয়ার করুন