জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে।
’
এর আগে রবিবার বিআরটিএ ভবনে মন্ত্রণালয়, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির বৈঠকে কোনো ঐকমত্য ছাড়া শেষ হয়।
মালিক সমিতি জানিয়েছে, কিলোমিটারপ্রতি ৪০ পয়সা বাড়ানোর দাবি তাদের। তবে বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, ২৫ পয়সা বাড়ানোর ব্যাপারে একমত হলেও কোনো পক্ষ প্রস্তাবে স্বাক্ষর করেনি।
বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে।
এমন প্রেক্ষাপটে সরকার সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর রয়েছে।
জ্বালানির দাম বাড়ার পরপর গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির চাপ তৈরি হয়।
পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জোরালো হয়ে ওঠে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন ভাড়া ঘোষণা করা হয়নি, এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনাও ঘটছে।
এমন পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

