২৫ জুলাই ২০২৬, শনিবার, ১২:৩৪:৫৪ অপরাহ্ন
৩২ হাজার শিক্ষকের পদোন্নতি জট খুলছে, এনটিআরসিএ সুপারিশে সরাসরি নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৬
৩২ হাজার শিক্ষকের পদোন্নতি জট খুলছে, এনটিআরসিএ সুপারিশে সরাসরি নিয়োগ: শিক্ষামন্ত্রী

এনটিআরসিএ (NTRCA) থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিজ এলাকায় পদায়নের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদ নিয়োগ দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে গত ১০ বছর ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি জটিলতাও এখন সমাধানের পথে বলে নিশ্চিত করেছেন তিনি।


শুক্রবার (২৪ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা জানান।


শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা শূন্যপদগুলো দ্রুত পূরণ করতে হবে। এই প্রক্রিয়া সহজ করতে এনটিআরসিএ সনদের ভিত্তিতে সুপারিশপ্রাপ্তরা যাতে সহজেই নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে পারেন, সে বিষয়ে পরিচালনা পর্ষদকে বাধ্যবাধকতার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি আইনি জটিলতায় আটকে থাকা প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের পদোন্নতি সমস্যারও শিগগিরই অবসান ঘটতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


কচুয়া উপজেলাকে শিক্ষার একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে ডা. এহছানুল হক মিলন আগামী দিনগুলোর জন্য নতুন কিছু পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০২৭ সালের চূড়ান্ত পরীক্ষার কয়েক মাস আগে ওই পরীক্ষার আদলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে এসব পরীক্ষা পরিচালিত হবে।


শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য বিশেষ পদ্ধতি চালুর পরামর্শ দেন মন্ত্রী। এর আওতায় উপজেলাভিত্তিক কমিটি গঠন করে এক প্রতিষ্ঠানের খাতা অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হবে।


শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের আগে বা পরে বিশেষ ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে নিজ নিজ এলাকার অবসরপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষকদের কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর পড়ার টেবিল ছেড়ে অযথা বাইরে ঘোরাফেরা না করে, সে বিষয়ে শিক্ষকদের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।


প্রাসঙ্গিক উদ্ধৃতি

শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এনটিআরসিএর সুপারিশসংক্রান্ত সনদ নিয়ে শিক্ষকরা বিদ্যালয়ে হাজির হলে পরিচালনা পর্ষদ তাঁদের নিয়োগ দিতে বাধ্য থাকবে।’


শেয়ার করুন