০৪ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:০৫:২৮ অপরাহ্ন
পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৬
পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই শুরু হওয়া এই সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে বড় ভাটেরচর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়। তদন্ত চলাকালীন উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হয় এবং কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ হঠাৎ মুখোমুখি অবস্থানে চলে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি। এ সময় এক পক্ষ অন্য পক্ষের ওপর চেয়ার ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে; তবে এলাকায় পুনরায় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।


এক পক্ষের দাবি, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে পুলিশের সামনেই তাদের ওপর হামলা চালিয়েছে। তবে অপর পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, তদন্ত চলাকালে দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনা তৈরি হয় এবং তারা হাতাহাতি ও চেয়ার দিয়ে একে অপরকে আঘাত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


শেয়ার করুন