২২ মার্চ ২০২৬, রবিবার, ০২:২৫:৫৮ অপরাহ্ন
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বরখাস্ত করা হয়েছে হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে।



রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে, মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় বাসটিকে আধ কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।



খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগনাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।



ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।



এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে গঠিত তদন্ত কমিটির একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে।



অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসিকে (আরএনবি) সদস্য করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসককে প্রধান করে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়।



কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, আমরা এ পর্যন্ত হাসপাতালে ১২ জনের মরদেহ পেয়েছি। দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে অপর ১০ জনের পরিচয় এখনো জানা যায়নি।

শেয়ার করুন