২০ মার্চ ২০২৬, শুক্রবার, ১২:১৪:৫৭ অপরাহ্ন
নির্ধারিত সময় পেরিয়ে অফিসে এসিল্যান্ড, অপেক্ষায় সেবাগ্রহীতা
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
নির্ধারিত সময় পেরিয়ে অফিসে এসিল্যান্ড, অপেক্ষায় সেবাগ্রহীতা

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নির্ধারিত সময়ের পরে অফিসে আসা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৮ মিনিটে তাকে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে আসতে দেখা যায়। এ সময় অনেক সেবাগ্রহীতাকে অপেক্ষা করতে দেখা যায়।



বুধবার সকাল ৯টা থেকে শেরপুর সদর উপজেলা ভূমি অফিসে অবস্থান নেন এ প্রতিবেদক। এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত থাকলেও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি সকাল ৯টা ৪৮ মিনিটে অফিসে আসেন।


তিনি নির্ধারিত সময়ে অফিসে না আসার বিষয়ে জানতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হককে সকাল ৯টা ২১ মিনিটে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


এদিকে সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে জানতে চাইলে ভূমি অফিসের কয়েকজন কর্মচারী জানান, তিনি সরকারি কাজে বাইরে আছেন।


কাকলি চক্রবর্তী নামে এক কর্মকর্তা জানান, ‘স্যার অফিসে এসেছিলেন, কিন্তু পরে চলে গেছেন।’ প্রতিবেদক কখন এসেছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্যার রাস্তায় আছেন, ফোনে কথা হয়েছে।’


পরে সকাল ৯টা ৪৮ মিনিটে অফিসে এসে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি জানান, তিনি সরকারি একটি কাজে তদন্তে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি সরকারি একটি কাজে তদন্তে ছিলাম। একটি সিআর আমলি মামলার তদন্তে সদর উপজেলার মুচারের চর এলাকায় গিয়েছিলাম। আমি আরও আগে বের হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেরি হয়ে গেছে।’



উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে নিজ নিজ অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করেছে।


গত ২ মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই পরিপত্রে সরকারি অফিসগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।


শেয়ার করুন