ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর পরই দেশ দুটির আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি বন্ধ থাকবে।
দেশটির সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।
ইসরায়েলও আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ইরানের ওপর হামলা চালানোর পর ইসরায়েল বেসামরিক বিমান চলাচলের জন্য তার আকাশপথ বন্ধ করে দিয়েছে।
ইসরায়েল এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরিবহন মন্ত্রণালয় থেকে সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালানো শুরু করে ইসরায়েল।
ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ হামলা।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার অন্যতম লক্ষ্যবস্তু হলো ইরানের একটি প্রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি (রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট স্থাপনা)।
এতে ইরানি বিরোধী গোষ্ঠীর বরাতে আরও জানানো হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের বাসভবনগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ইসরায়েলি হামলার পর ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে। তবে এসব বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

