০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৭:০৭:৩৪ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে ঢুকেই ইউ-টার্ন, একসঙ্গে ফিরল ৮ জাহাজ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৬
হরমুজ প্রণালিতে ঢুকেই ইউ-টার্ন, একসঙ্গে ফিরল ৮ জাহাজ

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে অন্তত আটটি জাহাজ মাঝপথ থেকেই ফিরে গেছে। জাহাজ চলাচলের তথ্যভিত্তিক পর্যবেক্ষণে এমন চিত্র দেখা গেছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনও অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগ অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে, যদিও বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কিছু লক্ষণও দেখা যাচ্ছে।



জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকালে অন্তত পাঁচটি জাহাজ ওমান উপকূলঘেঁষা পথ ধরে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। তবে মাঝপথে তারা আকস্মিকভাবে ইউ-টার্ন নিয়ে ফিরে যায়।


ফিরে যাওয়া জাহাজগুলোর মধ্যে ছিল দুটি যানবাহনবাহী জাহাজ, একটি রাসায়নিকবাহী ট্যাংকার, একটি তেলজাত পণ্যবাহী ট্যাংকার এবং একটি বাল্ক ক্যারিয়ার।


ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, নির্ধারিত রুট দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করতে হলে তাদের অনুমতি প্রয়োজন। অথচ সাম্প্রতিক সময়ে ক্রমেই বেশি সংখ্যক জাহাজ ওমান উপকূলসংলগ্ন বিকল্প পথ ব্যবহার করছে, যা এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের প্রভাব কমিয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


অন্যদিকে একই সময়ে ফিরে যাওয়া আরও তিনটি জাহাজ পরে আবার যাত্রা শুরু করে এবং এবার তারা ইরানের উপকূলঘেঁষা পথ ধরে হরমুজ প্রণালি অতিক্রম করে। এসব জাহাজের মধ্যে ছিল দুটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার এবং একটি বাল্ক ক্যারিয়ার।



বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


শেয়ার করুন