প্রায় চার ভাগের তিন ভাগেরও বেশি ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর বিপদ বলে মনে করেন। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) প্রকাশিত একটি সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে এই অনুপাত ছিল আটচল্লিশ শতাংশ, যা গাজায় গণহত্যা শুরু হওয়ার আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার ঠিক পরেই চলতি বছরের বসন্তে বেড়ে দাঁড়ায় আটাত্তর শতাংশে।
কাউন্সিল ফর ব্রিটিশ-আরাব আন্ডারস্ট্যান্ডিংয়ের অনুরোধে গত জুলাই মাসে ইউগভের পরিচালিত একটি জনমত জরিপে জানা যায়, ব্রিটিশ জনসংখ্যার মাত্র সতেরো শতাংশ বিশ্বাস করে যে ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।
ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধের কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে, যার ফলে সাধারণ মানুষকে জ্বালানি, খাদ্য এবং গৃহঋণের জন্য অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ সাধারণ ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।
গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের সুদের হার তিন দশমিক পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ করেছে, যা গত তিন বছরের মধ্যে প্রথম হার বৃদ্ধি। এই সুদ বৃদ্ধির ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে এবং নতুন ঋণ নেওয়া বা পুরোনো ঋণ নবায়ন করার খরচও অনেক বেড়ে গেছে।
সূত্র: মিডল ইস্ট আই

