যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগেভাগেই রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বিএনপি। বিশেষ করে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী গত ৭ থেকে ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত যশোর জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়।
নির্ধারিত সময়ে ১৫টি ইউনিয়ন থেকে মোট ১১১ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি দলীয় মনোনয়ন ঘিরে আগ্রহ ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
নির্ধারিত সময়ের মধ্যে যশোর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনের কাছে মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।
দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে জেলা সদরের ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহণের প্রস্তুতি রয়েছে। এ নির্বাচন সামনে রেখে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে ৭ থেকে ৯ নভেম্বর সময়সীমা নির্ধারণ করে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই ১১১ জন আবেদন জমা দেন।
মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে শুধু আবেদনপত্রই নয়, রাজনৈতিক ও সাংগঠনিক পরিচিতি যাচাইয়ের জন্য সংগ্রহ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি। এর মধ্যে রয়েছে রাজনৈতিক জীবনের বিবরণ, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলার নম্বর, এজাহারের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং পাসপোর্ট আকারের এক কপি ছবি। এসব তথ্য পর্যালোচনা করে প্রার্থীদের রাজনৈতিক ভূমিকা ও সাংগঠনিক পরিচিতি যাচাই করা হবে।
উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, জমা পড়া আবেদনগুলো প্রথমে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ সেগুলো পাঠানো হবে জেলা বিএনপির কাছে। পরবর্তী সময়ে জেলা পর্যায়ে যাচাই-বাছাই ও আলোচনার ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেয়াড়া ইউনিয়ন পরিষদে মনোনয়নপ্রত্যাশী ইদ্রিস আলী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথে ছিলাম। সেই জায়গা থেকেই দলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন চেয়েছি। আমার মতো আরও অনেকেই মনোনয়ন চেয়েছেন। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিদের্শনায় নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের জীবনবৃত্তান্তসহ আবেদন চাওয়া হয়। যোগ্য ব্যক্তির হাতে দলীয় মনোনয়ন তুলে দিতে আমাদের এই উদ্যোগ। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের মূল্যায়ন করা হবে। তবে বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সারা দেশে জেলা সদরের ইউনিয়ন পরিষদগুলোতে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে সদর উপজেলা বিএনপির মাধ্যমে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই নেতাকর্মীদের বিষয়টি জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, উপজেলা বিএনপি প্রাথমিকভাবে আবেদনগুলো যাচাই-বাছাই করে জেলা বিএনপির কাছে পাঠাবে। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

