দেশের টেলিভিশন নাটকের কাস্টিং প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। তাঁর অভিযোগ, অনেক সময় লেখক ও পরিচালকের পরিকল্পনা উপেক্ষা করে নায়ক কিংবা প্রযোজকের পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। এমনকি শেষ মুহূর্তেও তাঁদের চাপে বদলে যায় অভিনয়শিল্পী। এতে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচনের সুযোগ বাধাগ্রস্ত হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নির্মাণপ্রক্রিয়া ও কাস্টিং নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। তাঁর মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা আলোচনা ও সমালোচনার চর্চা রয়েছে। সেখানে অভিনয়শিল্পীদের অভিনয়, উচ্চারণ, পরিচালনা ও চিত্রনাট্যের দুর্বলতা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে এমন চর্চার অভাব রয়েছে।
পোস্টে পারসা ইভানা লেখেন, ‘আমাদের আশেপাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় করল, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন—সবকিছু নিয়েই আলোচনা হয়। কথাগুলো অদ্ভুত শোনাচ্ছে, তাই না?’
দেশের নাটকে অভিনয়শিল্পীদের ভুলত্রুটি নিয়েও যথাযথ আলোচনা হয় না বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, অনেক সময় অভিনেতার ভুল উচ্চারণ কিংবা অভিনয়ের ঘাটতিও শুধরে দেওয়া হয় না। অথচ ভালো নাটক নির্মাণে সঠিক কাস্টিং, চরিত্রের যথাযথ উপলব্ধি এবং পরিচালকের স্পষ্ট পরিকল্পনা জরুরি।
কাস্টিং প্রক্রিয়ার অনিয়ম তুলে ধরে পারসা ইভানা লেখেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে, আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে—এভাবে ভালো ফিল্মমেকিং হয় না। এমনকি, ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে নায়ক বা প্রোডিউসারের চাপে পড়ে।’
অভিনেত্রীর মতে, একটি চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পী খুঁজে বের করাই নির্মাণপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ব্যক্তিগত পছন্দ বা সুবিধার পরিবর্তে গল্প ও চরিত্রকে প্রাধান্য দেওয়া উচিত। তা না হলে সম্ভাবনাময় অনেক গল্পই পর্দায় যথাযথভাবে ফুটে উঠবে না।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘চরিত্রের জন্য সঠিক মানুষটিকে খুঁজে বের করা এবং অভিনেতার সেই চরিত্রকে বুঝে পর্দায় জীবন্ত করে তোলাই আসল কাজ। যতদিন না আমরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজটার কথা ভাবব, ততদিন আমাদের অনেক ভালো গল্প এভাবেই নষ্ট হয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত এটি পর্দায় ফুটে ওঠে। সেটা যতই বড় বা ছোটপর্দা হোক না কেন।’
পারসা ইভানার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন। তবে নিজের অভিনয়জীবনে এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া পারসা ইভানা ২০১৫ সালে অভিনয় শুরু করেন। ২০১৮ সাল থেকে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেত্রী। পরে ‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’সহ বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। এ দুটি নাটকে জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন পারসা ইভানা।

