২১ অক্টোবর ২০২৬, বুধবার, ০৬:০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৬
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিরাপত্তাহীনতা ও চিকিৎসা সরঞ্জামের সংকটসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে মঙ্গলবার রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। এমনকি নিরাপত্তার কারণে এক নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে হয়েছে।

এ ছাড়া হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষ ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি ইন্টার্ন চিকিৎসকদের।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের নিয়ম কার্যকর, রোগী ভর্তির দিন ও পরদিন সংশ্লিষ্ট ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত এবং অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু বলেন, নিরাপত্তার ঘাটতি ও অন্যান্য সমস্যা সমাধানে বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা। দাবিগুলো পূরণ হলে কাজে ফিরবেন ইন্টার্ন চিকিৎসকরা।


রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তাদের কাজে ফেরাতে আলোচনা চলছে।



শেয়ার করুন