০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১১:৩৭:৫০ পূর্বাহ্ন
মৌসুমের তৃতীয় ম্যাচেও জয়হীন পিএসজি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৬
মৌসুমের তৃতীয় ম্যাচেও জয়হীন পিএসজি

মৌসুমের শুরুটা খুব বাজেভাবেই করল ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এএস মোনাকোর কাছে ২-১ ব্যবধানে হেরে লিগ ওয়ানের ব্যর্থতার যাত্রা আরও দীর্ঘায়িত হলো। এ নিয়ে তৃতীয় ম্যাচেও জয়হীন থাকল লুইস এনরিকের দল।


এর আগে রেনে ও লিলের বিপক্ষে পরপর দুটি ২-২ ড্রয়ের করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩১ মিনিটে অধিনায়ক মার্কিনিয়োসের গোলে এগিয়ে যায় পিএসজি। এতে ঘরের মাঠে জয়ের স্বপ্ন বুনছিল প্যারিসিয়ানরা।


তবে দ্বিতীয়ার্ধে নাজিনিয়ো ও স্তানিস ইদুম্বোর জোড়া গোলে উল্টে যায় দৃশ্যপট। পিএসজিকে স্তব্ধ করে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় মোনাকো। এই জয়ে লিওঁ ও লিলের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান মজবুত করেছে ফিলিপে লুইজের দল।


পিএসজির বিপক্ষে মোনাকোরও এটি টানা তৃতীয় জয়। অন্যদিকে তিন ম্যাচ শেষে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার অস্বাভাবিক ১২তম স্থানে নেমে গেছে পিএসজি। চলতি সপ্তাহান্তের ম্যাচগুলো শেষে তারা আরও নিচে নেমে যেতে পারে।



গ্রীষ্মকালীন তাপদাহে পার্ক দে প্রিন্সেসের পিচ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেনের বিপক্ষে ম্যাচটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে এটিই ছিল চলতি মৌসুমে ঘরের মাঠে পিএসজির প্রথম ম্যাচ।


কিক-অফের আগেই অবশ্য টানা দুই চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ লুইস এনরিকে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবে থাকার চুক্তি বাড়ানোর খবরে স্বস্তি পেয়েছিল পিএসজি সমর্থকরা।


এর পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারের চুক্তিও নবায়ন করা হয়, যাদের মধ্যে ছিলেন মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইস ও জোয়াও নেভেস।


লিলের বিপক্ষে ড্র করা ম্যাচটিতে না থাকা নেভেস ও খভিচা কোভারাতসখেলিয়া একাদশে ফেরেন। এভারটনে ট্রান্সফার ভেস্তে যাওয়ার পর মোনাকো স্ট্রাইকার ফোলারিন বালোগান স্কোয়াডে অনুপস্থিত থাকলেও, চেলসিতে দলবদল অনিশ্চিত হয়ে পড়া মিডফিল্ডার লামিন কামারা শুরুর একাদশেই ছিলেন।


ম্যাচের শুরুতেই দুটি ভালো সুযোগ পেয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়ে, তবে দুবারই তাকে হতাশ করেন মোনাকো গোলরক্ষক লুকাস হ্রাদেচকি। দ্বিতীয় সুযোগটিতে ফিরতি বলে গোল করতে ব্যর্থ হন কোভারাতসখেলিয়া।


অন্যদিকে মোনাকোও পাল্টা আক্রমণে গতি বাড়ায়। ডিফেন্ডার ভ্যান্ডারসনের শট চমৎকার দক্ষতায় সেভ করেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনোভ।


তবে দ্রুতই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় পিএসজি। কোভারাতসখেলিয়ার দারুণ এক ক্রসে মোনাকো ডিফেন্সকে পরাস্ত হলে বুক দিয়ে বল জালে ঠেলে দেন মার্কিনিয়োস। লিগ ওয়ানে নিজের ১৪তম মৌসুমে এটি ছিল তার ২৮তম গোল।


সময় বাড়ার সঙ্গে সঙ্গে খেলার ওপর প্রভাব বিস্তার করতে থাকেন কোভারাতসখেলিয়া। ২০ গজ দূর থেকে নেওয়া তার শট এরিক ডায়ারের গায়ে লেগে দিক বদলালেও দারুণ দক্ষতায় তা সামাল দেন হ্রাদেচকি।


বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে পিএসজি। দুয়ে ও কোভারাতসখেলিয়ার বল বানিয়ে দেওয়া সুযোগ থেকে মাকনেস আক্লিউশের শট ক্রসবারে লেগে ফিরে আসে। অবশ্য গোল হলেও তা অফসাইডের কারণে বাতিল হতো, ফলে সদ্য যোগ দেওয়া এই ফুটবলারের পিএসজির হয়ে প্রথম গোলের অপেক্ষা আরও বাড়ল।


ভিতিনিয়ার পাস থেকে হ্রাদেচকির মাথার ওপর দিয়ে বল চিপ করার চেষ্টা করেছিলেন আক্লিউশে। পর্তুগিজ এই প্লেমেকারের পরের প্রচেষ্টাটিও রুখে দেন মোনাকো গোলরক্ষক।


ঘরের মাঠের দর্শকদের চাপ বাড়ানোর মাঝেই ম্যাচের ৫৮ মিনিটে খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে মোনাকো। পিএসজি ডিফেন্স ক্লিয়ার করতে না পারা একটি লুজ বল ধরে জর্ডান টেজে ক্রস বাড়ালে অরক্ষিত নাজিনিয়ো হেডে গোলটি করেন।


সমতায় ফিরে আত্মবিশ্বাসী হয়ে ওঠা মোনাকো আক্রমণের সুযোগ পেয়ে যায় দ্রুতই। মার্কিনিয়োসকে কাটিয়ে তীব্র এক ড্রাইভে সাফোনোভকে পরাস্ত করেন ইদুম্বো, বল জড়ায় নিয়ার পোস্টে।


শেয়ার করুন