০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৭:৩৪:৪৫ অপরাহ্ন
রাজশাহীতে অতিরিক্ত ডিআইজির নাম দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা চেষ্টায় এক প্রতারক গ্রেফতার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৬
রাজশাহীতে অতিরিক্ত ডিআইজির নাম দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা চেষ্টায় এক প্রতারক গ্রেফতার

 পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মোঃ শরিফুল ইসলাম (২৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব জানতে পারে, একটি চক্র সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করছে এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করছে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর পানির ট্যাংকি এলাকার এইচ/৪৮ নম্বর বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরিফুল বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে "Additional DIG Humayun" নামে একটি হোয়াটসঅ্যাপ আইডি খোলে। অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে সে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং বিজ্ঞ আইনজীবীদের ফোন করে ও বার্তা পাঠিয়ে বিভিন্ন মামলার ভয় দেখাতো। পরবর্তীতে তাদের কাছে আর্থিক সুবিধা দাবি করতো। তদন্তে আরও জানা যায়, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে সে একই কৌশলে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণার কাজ চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পিসিপিআর যাচাই করে জানা যায়, শরিফুল এর আগেও পুলিশ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার দায়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর সে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। র‍্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। র‍্যাব সর্বসাধারণকে অনুরোধ করেছে, কোনো সরকারি কর্মকর্তার নামে ফোন বা বার্তা পেয়ে অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা র‍্যাবকে জানান। যাচাই না করে কাউকে অর্থ প্রদান করবেন না।

শেয়ার করুন