১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:০২:১৩ অপরাহ্ন
নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৬
নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 


মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম ও বোয়ালিয়া থানা পুলিশ বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রতন ওরফে রতন (৩০) ও মো. আব্দুল ওয়াহেদ (৩৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. রতন ও উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো. আব্দুল ওয়াহেদ।



এ সময় রতনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি ওয়াহেদ দীর্ঘদিন ধরে রতনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা ও দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ কমিশনার মহোদয়ের জিরো টলারেন্স নীতির কারণেই আমরা দ্রুত এ সাফল্য পেয়েছি। রাজশাহী মহানগরকে মাদকমুক্ত করতে আরএমপি বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন