রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকারের দক্ষ নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশের টানা অভিযানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। বিশেষ করে গত ১ সপ্তাহে এলাকায় চুরি ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহে পৃথক ৪টি মাদক মামলা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো: ১. মিলন কুমার সরকার (৩৯), পিতা-মৃত পলান চন্দ্র সরকার, সাং- দুর্গাপুর কালিদহ। তার হেফাজত হতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। ২. মোঃ আরাফাত দেওয়ান মকিম (১৬), পিতা-মোঃ দেওয়ান মোশারফ, সাং- মাড়িয়া। তার হেফাজত হতে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ৩. মোঃ আলামিন (৪০), পিতা-মোঃ আব্দুল বারি, সাং- সিংগা। তার হেফাজত হতে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।এছাড়াও অপর একটি অভিযানে ২৬.৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এদিকে গত ১ সপ্তাহে পৃথক ২টি চুরি মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের হেফাজত হতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ আলমগীর হোসেন (৩৯), মোঃ পিয়ারুল ইসলাম (২২), মোঃ জসিম (৪০), মোঃ জুয়েল শেখ (৩৫) ও মোঃ আলামিন (৪০)। তাদের হেফাজত হতে একটি এলইডি টেলিভিশন, একটি ব্যাটারী ও বিভিন্ন মুদি সামগ্রী উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। মাদক, চুরি, ছিনতাই সহ সকল অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাজশাহী জেলার প্রতিটি থানায় কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক, চুরি ও যে কোন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। দুর্গাপুর থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজকে সুন্দর ও নিরাপদ রাখতে এলাকাবাসীর সচেতনতা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ওসি পঞ্চনন্দ সরকার যোগদানের পর গত ৩ মাসে দুর্গাপুর থানায় মাদক বিরোধী ১৬টি মামলা, ১৬ জন গ্রেপ্তার ও ৩৪৮ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারসহ সামগ্রিক আইনশৃঙ্খলায় ব্যাপক সাফল্য এসেছে। তার বলিষ্ঠ নেতৃত্বে দুর্গাপুরবাসী এখন অনেকটাই নিরাপদ বোধ করছে।

