৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:০১:১৩ পূর্বাহ্ন
এইচএসসির প্রশ্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় হারালেন দুই পা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৬
এইচএসসির প্রশ্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় হারালেন দুই পা

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন কাশিয়াডাঙ্গা থানা থেকে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্ৰহ করে সময়মতো কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় দুই পা হারিয়েছেন মোটরসাইকেল আরোহী পবা উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম (৫৪)। তিনি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে কাশিয়াডাঙ্গা থানা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সরকারি মোটরসাইকেলে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হন সুলতানুল ইসলাম। কলেজের সামনে পৌঁছালে যশোর ট-১১-৩০১৩ নম্বরের একটি ট্রাক বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকটি তাঁর দুই পা ও মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। পরে চালক ট্রাক ফেলে পালিয়ে যান।
সুলতানুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, তাঁর জীবন বাঁচাতে অপারেশন করে হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছে। মাথার পেছনের অংশ ও বাম চোখেও গুরুতর আঘাত রয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে একজন সরকারি কর্মকর্তার এমন দুর্ঘ*টনা অত্যন্ত বেদনাদায়ক। আহত কর্মকর্তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এ ঘটনায় আহত কর্মকর্তার ছোট বোনের স্বামী আজাহার ইসলাম বাদী হয়ে ট্রাকচালক রতন রায়ের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। পুলিশ ট্রাকটি (যশোর ট-১১-৩০১৩) জব্দ করেছে এবং চালককে গ্রে*প্তা*রে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন