১১ জুলাই ২০২৬, শনিবার, ১০:৫৫:২৩ অপরাহ্ন
লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৬
লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির নাবাতিয়েহ জেলায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।


হামলার লক্ষ্যবস্তু ছিল নাবাতিয়েহ আল-ফাওকা, কফার রুম্মানে, শৌকিন, কাকাইয়েত আল-জিসর এবং জাওতার আল-গারবিয়েহ এলাকা।


এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, গত এক সপ্তাহে লেবাননে ২০টিরও বেশি হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব অভিযানে ১০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন এবং সম্ভাব্য হুমকি দূর করাই ছিল এসব হামলার উদ্দেশ্য।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩২১ জন নিহত এবং ১২ হাজার ২০৪ জন আহত হয়েছেন।



অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার সেনাপ্রধান রুডলফ হাইকালের সঙ্গে দক্ষিণাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে ইসরায়েলি হামলার পাশাপাশি নিরাপত্তা কাঠামোর আওতায় নির্ধারিত পরীক্ষামূলক এলাকাগুলোতে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।


শেয়ার করুন