০৭ জুন ২০২৬, রবিবার, ০৮:৪৮:৪১ অপরাহ্ন
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৬
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী নগরীতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। রোববার দুপুর ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার নর্দানের মোড় এলাকার প্রফেসরপাড়ায় এ ঘটনা ঘটে।


আহত নন্দিনী ঘোষ (১৫) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর উদ্দেশ্যে রোববার দুপুরে নন্দিনী স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে এক যুবক তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাত ও পিঠে জখম হয়।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।


রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।


স্থানীয়দের দাবি, ঘটনার সময় নন্দিনীর সঙ্গে আরও দুই বান্ধবী ছিলেন। হামলাকারী যুবক তাদের একজনের স্বামী বলে জানা গেছে। হামলার পরপরই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ।


রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি পুলিশ সূত্রে জানতে পেরেছেন। নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি অবগত নন।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পুলিশ হাসপাতালে গেছে। তার বক্তব্য পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন