দেশের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা দাপ্তরিক কাজ করে এক অনন্য নজির স্থাপন করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেছেন।
দিনলিপি অনুযায়ী, সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তিনি গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা ও উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠক পরিচালনা করেন। সচিবালয়ের কাজ গুছিয়ে তিনি বিকেলে সরাসরি যোগ দেন জাতীয় সংসদ অধিবেশনে। সেখানে রাত ৮টা পর্যন্ত সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেন।
সংসদ অধিবেশন শেষে বিশ্রাম না নিয়েই রাত পৌনে ৯টায় তিনি মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন। দেশের উন্নয়ন ও বিশেষ করে জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রসাধন নীতির মতো স্পর্শকাতর বিষয়ে সেখানে দীর্ঘ আড়াই ঘণ্টা আলোচনা চলে। রাত সাড়ে ১১টায় বৈঠক শেষ হলেও তার কাজ শেষ হয়নি; পুনরায় সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে ফিরে গিয়ে অসমাপ্ত দাপ্তরিক কাজ সম্পন্ন করেন তিনি।

