বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট নিয়ে দেখা দেওয়া শঙ্কা কাটতে শুরু করেছে। ইন্টার মায়ামি জানিয়েছে, আর্জেন্টাইন অধিনায়কের কোনো গুরুতর চোট ধরা পড়েনি।
সোমবার (২৫ মে) ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল পরীক্ষায় মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কেবল পেশির ক্লান্তি ও অতিরিক্ত চাপের লক্ষণ পাওয়া গেছে। বড় ধরনের কোনো ইনজুরির প্রমাণ মেলেনি। তবে মাঠে ফিরতে কতদিন লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি মেজর লিগ সকার ক্লাবটি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। পরে সরাসরি লকার রুমে চলে যান তিনি। এতে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, ‘সোমবার করা অতিরিক্ত মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সঙ্গে অতিরিক্ত চাপ বা ওভারলোডের সম্পর্ক রয়েছে।’
মেসির ফেরার বিষয়ে ক্লাবটি বলেছে, তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে মাঠে ফেরার সময়সূচি।
এদিকে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মেসি কেবল অস্বস্তিতে ভুগছেন, গুরুতর কোনো চোট পাননি।
আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। পাঁচ দিন পর নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে আগামী সপ্তাহেই দল ঘোষণা করতে পারে আলবিসেলেস্তেরা।

