প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে শনিবার (১৬ মে) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে আয়োজিত এ পথসভায় অংশ নেয় সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পুরো মহাসড়কজুড়ে ছিল উৎসবের আমেজ ও দলীয় স্লোগানে মুখরিত পরিবেশ।
শনিবার সকাল ১০টা ২১ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর মেঘনা টোলপ্লাজা অতিক্রম করার সময় তারেক রহমান গাড়ি থেকে হাত উঁচিয়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় তিনি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে ধন্যবাদ জানান বলেও জানা গেছে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায়।
পথসভায় উপস্থিত নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা চাঁদপুর সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জানা গেছে, চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভায় বক্তব্য প্রদান এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পুরো এলাকা ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে মুখরিত।

