১২ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:১৪:০৭ পূর্বাহ্ন
দুই উপদেষ্টার কাছে রাজশাহী অঞ্চলে গ্যাসের দাবি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৬
দুই উপদেষ্টার কাছে রাজশাহী অঞ্চলে গ্যাসের দাবি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার কাছে গ্যাসের দাবি তুলেছেন রাজশাহী অঞ্চলের তিন জেলার উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। শুক্রবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তারা এই দাবি জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদ এদিন বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিন জেলার ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে গ্যাস সংকটকে দায়ী করেন। তারা দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগের দাবি করে বলেন, গ্যাসের অভাবে রাজশাহীর সম্ভাবনাময় শিল্প খাতগুলো স্থবির হয়ে আছে। নতুন বিনিয়োগ আসছে না।


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না পাওয়ায় চালু করা যাচ্ছে না। ফলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত গ্যাস সংযোগ দেওয়া গেলে বিসিক-২ চালু করে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব হবে বলেও মত দেন তিনি।

নাটোর শহরের পাশ দিয়েই গ্যাসের লাইন গেলেও স্থানীয় বিসিকে গ্যাসের সংযোগ নেই বলে উল্লেখ করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। তিনি বলেন, গ্যাসের অভাবে বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। 

গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নাটোরের চামড়া শিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারবে বলে মন্তব্য করেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গ্যাস সংকটের কারণে জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পাশাপাশি পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির কারণ।

বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ চলছে। রাজশাহী অঞ্চলে কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানকার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। পিছিয়ে পড়া এই অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।

সভায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমান প্রমুখ।


শেয়ার করুন